বইয়ের পরিচয়

বই এর প্রথম ফ্লাপঅলৌকিক অতিলৌকিক ঘটনা সত্যিই কি ঘটে? না কি এসব অবচেতন মনের কারসাজি? বুদ্ধির অগম্য অভিজ্ঞতা কিন্তু থাকেই মানবজীবনের বাঁকে বাঁকে। মনে দোলাচলতা জন্মায়। একবার মনে হয়, এরকমটি অসম্ভব। পরক্ষণেই মনে হয়, ঘটনাটা সত্যি হতেও পারে। অলৌকিক রসের গল্পে বরাবরই মজেছে বাঙালি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কলমে উঠে আসা অলৌকিক গল্পের স্বাদই আলাদা। তাঁর বিচিত্র ও সার্থক সাহিত্যজীবনের প্রথম গল্প ‘প্রেতপুরী' একটি অলৌকিক কাহিনি। এই গল্পেই ভূতজ্ঞানী বরদার আবির্ভাব। অনেকগুলি ভূতের গল্পই বরদার কাহিনি। মুঙ্গের ও বিহারের গ্রামাঞ্চলের পটভূমিকায় বরদা ভূতের কাহিনি বলত চমকপ্রদ ঢঙে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অলৌকিক গল্পগুলি নিয়ে প্রকাশিত হল 'অলৌকিক গল্পসমগ্র'। ভাষার সৌন্দর্যে, পরিবেশ রচনার মুনশিয়ানায় এবং অদ্ভুত রসের পরিবেশন-দক্ষতায় একত্রিশটি গল্পই অন্যমনস্ক হতে দেয় না একমুহূর্ত। অলৌকিকের মধ্যে মানবিক রস মিশে স্থায়ী অভিঘাত তৈরি করে হৃদয়ে। বহু-প্রতীক্ষিত এই সংকলন পাঠকের জন্য বিশেষ আনন্দ-উপহার।

লেখক পরিচিতি

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

1899 – 1970

শরদিন্দু বন্দ্যোপাধ্যায় (৩০ মার্চ ১৮৯৯ – ২২ সেপ্টেম্বর ১৯৭০) ছিলেন একজন ভারতীয় বাঙালি লেখক। তাঁর জন্ম উত্তরপ্রদেশের জৌনপুর শহরে নিজ মাতুলালয়ে। আদিনিবাস পশ্চিমবঙ্গ রাজ্যস্থিত উত্তর কোলকাতার বরানগর কুঠিঘাট অঞ্চল। তাঁর রচিত প্রথম সাহিত্য প্রকাশিত হয় ২০ বছর বয়সে, যখন তিনি কলকাতায় বিদ্যাসাগর কলেজে আইন নিয়ে পড়াশুনো করছিলেন। পড়াশুনোর সাথেই তিনি সাহিত্য চর্চাও করতে থাকেন। তাঁর সৃষ্ট গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সী আত্মপ্রকাশ করে ১৯৩২ সালে। শরদিন্দু ১৯৩৮ সালে বম্বের বম্বে টকিজে চিত্রনাট্যকাররূপে কাজ শুরু করেন। ১৯৫২ সালে সিনেমার কাজ ছেড়ে স্থায়ীভাবে পুণেতে বসবাস করতে শুরু করেন। পরবর্তী ১৮ বছর তিনি সাহিত্য চর্চায় অতিবাহিত করেন। ১৯৭০ সালে হৃৎরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →