বইয়ের পরিচয়

"নির্বাচিত ভূতের গল্প" বইয়ের ফ্ল্যাপের লেখা:ভূতের গল্প—এই শব্দবন্ধের মধ্যেই রয়েছে এক দুর্নিবার আকর্ষণ । ভূতের গল্প মানেই আলাদা একটা স্বাদ। অন্যরকম এক প্রত্যাশা। একটা গা-ছমছম রহস্য, কিংবা, গা-শিরশির রােমাঞ্চ । এমন-কিছু কার্যকলাপ, যা ভেঙে দেয় সত্যিমিথ্যের মধ্যবর্তী দেওয়াল, বুদ্ধি দিয়ে যার ব্যাখ্যা অসম্ভব। অথচ যার আলাদা একটা আবেদন রয়েছে। ভূতের গল্প পড়তে ভালােবাসেন না, এমন পাঠক দুর্লভ। ভূতে বিশ্বাসী হােন বা অবিশ্বাসী, বয়স হােক নয় কিংবা নব্বই সব বয়সের, সব-শ্রেণীর পাঠকের কাছেই ভূতের গল্পের অপ্রতিরােধ্য টান মাত্রায় বড়জোর কম কিংবা বেশি। বাংলা ভাষায় ভূতের গল্প বড় কম লেখা হয়নি। ভূতের গল্প নিয়ে ইতস্তত সংকলনগ্রন্থও যে কিছু-কিছু প্রকাশিত হয়নি, এমন কথাও বলা যাবে না। কিন্তু একটা কথা বলতেই হবে যে, ভূতের গল্পের একটি সুষ্ঠু, ব্যাপ্ত ও সম্পূর্ণাঙ্গ সংকলনের অভাব তা সত্ত্বেও এতকাল মেটেনি। দীর্ঘকাল ধরেই এই অভাব অনুভূত। এই অভাববােধের কারণ সংকলন গ্রন্থগুলির মধ্যে নিহিত। প্রধানত দুটি দিক থেকে অসম্পূর্ণ অধিকাংশ সংকলন। প্রথমত, প্রায় প্রতিটি সংকলনেই গল্পগুলি দেখা যাবে যে—সচরাচর নির্বাচন করা হয়েছে ছােটদের কথা ভেবে। নিছক ছােটদেরই উপযােগী গল্প বেছে নেবার ফলে সংকলন গ্রন্থগুলির স্বাদ যেমন একদিকে সর্বজনভােগ্য হয়ে ওঠে না, অন্যদিকে তেমনই পাঠকরাও বঞ্চিত হয় বহু বিশিষ্ট সাবালকপাঠ্য গল্পের স্বাদ থেকে দ্বিতীয়ত, এই জাতীয় সংকলনগুলি কলেবরেও প্রায় ক্ষেত্রেই বড় বেশি। ছােটমাপের আকারগত কারণেই এই সংকলনগুলিতে অক্ষুন্ন রাখা সম্ভবপর হয় না। ঐতিহ্য ও ধারাবাহিকতা এলােমেলাে ভাবেই অন্তর্ভুক্ত বা বর্জিত হন লেখকরা। অথচ কোনও সার্থক ও সম্পূর্ণাঙ্গ সংকলন-গ্রন্থে এমনটি হবার কথা নয়। এমন-কি ভূতের গল্পের সংকলন-গ্রন্থেও নয়। গত একশাে বছরে বাংলা সাহিত্যে ভূতের গল্প হয়ে উঠেছে স্বতন্ত্র ও স্বয়ংসম্পূর্ণ একটি ধারা। এমন কোনও প্রধান বাঙালী লেখকের নাম মনে পড়ে না, যিনি জীবনে একটি অন্তত অবিস্মরণীয় ভূতের গল্প লেখেননি। তাই, বাংলা সাহিত্যের ভূতের গল্পের কোনও সুষ্ঠু সংকলনে শুধু-যে লেখক-তালিকাটি দীর্ঘ হতেই বাধ্য তা নয়, একইসঙ্গে সে-তালিকার হয়ে ওঠার কথা উজ্জ্বল, গুরুত্বপূর্ণ ও পরম্পরাময় । যেমন হয়েছে এই সংকলনে। নির্বাচিত ভূতের গল্পের এই প্রতিনিধিস্থানীয় সংকলনে। ত্রৈলােক্যনাথ মুখােপাধ্যায় থেকে শুরু। রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী, অবনীন্দ্রনাথ ঠাকুর, হেমেন্দ্রকুমার রায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, অচিন্ত্যকুমার সেনগুপ্ত—কে নেই। গত একশাে বছরের প্রত্যেক গুরুত্বপূর্ণ লেখক এই সংকলনে। এই আমলের সত্যজিৎ রায়, সমরেশ বসু, বিমল। করের যেমন, তেমনই অতি সাম্প্রতিক কালের সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখােপাধ্যায় কি। শেখর বসুর স্মরণীয়তম ভূতের গল্পটিকে পর্যন্ত এই সংকলনের দু-মলাটের মধ্যে নতুন করে আবিষ্কার করবেন এ-সংকলনের পাঠক। বলা যায়, একশাে বছরের লেখকদের মধ্যেই এক নতুন সেতু রচনা করল এই সংকলন। একইসঙ্গে বলতে হবে যে, এই প্রথম নিছক ছােটদের মুখ চেয়ে তৈরি হয়নি কোনও ভূতের গল্পের সংকলন। সঙ্গত কারণেই এ-সংকলনে অন্তর্ভুক্ত হয়েছে বয়স্ক পাঠকদের জন্য লেখা বিভিন্ন বরণীয় লেখকের স্মরণীয় ভূতের গল্পগুলি। সংকলনকালে দৃষ্টি রাখা হয়েছে। স্বাদের দিক থেকে বৈচিত্র্যময়তার দিকেও। বিশুদ্ধ ভূতের গল্প, অতিপ্রাকৃত রসের গল্প, ভয়ানক রসের গল্প (ইংরেজীতে যার নাম হরর স্টোরি)—সব ধরনের গল্পকেই নির্বাচন করা হয়েছে এই সংগ্রহে। ফলে, সব মিলিয়ে, ‘নির্বাচিত ভূতের গল্প’ হয়ে উঠেছে সার্থক ও স্বাদু, স্বয়ম্প্রভ ও সম্পূর্ণাঙ্গ, ব্যাপক ও বৈচিত্র্যময় এক সংকলন।

লেখক পরিচিতি

হুমায়ূন আহমেদ

1948 – 2012

হুমায়ূন আহমেদ (১৩ নভেম্বর ১৯৪৮ – ১৯ জুলাই ২০১২) ছিলেন একজন বাংলাদেশি ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। তিনি বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক। তাকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় লেখক বলে গণ্য করা হয়। বাংলা কথাসাহিত্যে তিনি সংলাপপ্রধান নতুন শৈলীর জনক। অন্য দিকে তিনি আধুনিক বাংলা বৈজ্ঞানিক কল্পকাহিনীর পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবেও তিনি সমাদৃত। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিন শতাধিক। তার বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনূদিত হয়েছে, বেশ কিছু গ্রন্থ স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত। মিসির আলি এবং হিমু তার সৃষ্ট অন্যতম দুটি জনপ্রিয় চরিত্র। ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন এবং নর্থ ডাকোটা স্টেট বিশ্ববিদ্যালয়ে পলিমার রসায়ন শাস্ত্র অধ্যয়ন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক হিসাবে দীর্ঘকাল কর্মরত ছিলেন। পরবর্তীকালে লেখালেখি এবং চলচ্চিত্র নির্মাণের স্বার্থে অধ্যাপনা ছেড়ে দেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তান সেনাবাহিনী তাকে আটক করে এবং নির্যাতনের পর হত্যার জন্য গুলি চালায়। তিনি অলৌকিকভাবে বেঁচে যান। হুমায়ূন আহমেদ রচিত প্রথম উপন্যাস নন্দিত নরকে ১৯৭২ সালে প্রকাশিত হয়। সত্তর দশকের সময় থেকে শুরু করে মৃত্যু অবধি তিনি ছিলেন বাংলা গল্প-উপন্যাসের অপ্রতিদ্বন্দ্বী কারিগর। এই কালপর্বে তার গল্প-উপন্যাসের জনপ্রিয়তা ছিল তুলনারহিত। তার অভূতপূর্ব সৃষ্টি হিমু এবং মিসির আলি ও শুভ্র চরিত্রগুলি বাংলাদেশের যুবকশ্রেণীকে গভীরভাবে উদ্বেলিত করেছে।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →