মিসির আলির অমিমাংসিত রহস্য বইয়ের প্রচ্ছদ

মিসির আলির অমিমাংসিত রহস্য

লেখক: হুমায়ূন আহমেদ

পৃষ্ঠা: 107

ISBN: 9844581052

বইয়ের পরিচয়

"মিসির আলির অমীমাংসিত রহস্য"বইটির প্রথমের কিছু কথাা:অসম্ভব সুন্দর একজন মানুষ । আজকাল তার সাথে আমার দেখাই হয় না । হঠাৎ হঠাৎ টেলিফোন করে গাঢ় স্বরে বলে- “কেমন আছিস রে পাগলা?” তৎক্ষণাৎ আমি আমার যৌবনে ফিরে যাই। আমার হারানাে যৌবন ফিরিয়ে দেবার ক্ষমতা অল্প যে ক’জন মানুষের কাছে আছে হাফিজুল কবির তাদের একজন। আপনি কি ভূত দেখেছেন স্যার? ইংরেজিতে যাকে বলে Spirit, ghost, astral body মানে প্রেতাত্মার কথা বলছি, অশরীরি... মিসির আলি প্রশ্নটির জবাব দেবেন কিনা বুঝতে পারছেন না। কিছু মানুষ আছে যারা প্রশ্ন করে, কিন্তু জবাব শুনতে চায় না। প্রশ্ন করেই হড়বড় করে কথা বলতে থাকে। কথার ফাঁকে ফাঁকে আবার প্রশ্ন করে, আবার নিজেই জবাব দেয়। মিসির আলির কাছে মনে হচ্ছে তার সামনের চেয়ারে বসে থাকা এই মানুষটি সেই প্রকৃতির । ভদ্রলােক মধ্যবয়স্ক। গােলাকার মুখে পুরুষ্ট গোঁফ। কুস্তিগীর কুস্তিগীর চেহারা। কথার মাঝখানে হাসার অভ্যাস আছে । হাসার সময় কোনাে শব্দ হয় না, কিন্তু সারা শরীর দুলতে থাকে। ওসমান গনি । নামের এই মানুষটির প্রধান বৈশিষ্ট্য অবশ্য নিঃশব্দে হাসার ক্ষমতা নয়, প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তাঁর নিচের পাটির একটি এবং উপরের পাটির দুটি দাঁত সােনা দিয়ে বাঁধানাে। যে যুগে রুট ক্যানালিঙের মতাে আধুনিক দন্ত চিকিৎসা শুরু হয়েছে সে যুগে কেউ সােনা দিয়ে দাঁত বাঁধায় না। এই ভদ্রলােক বাঁধিয়েছেন । ধবধবে সাদা দাঁতের মাঝে ঝকঝকে তিনটি সােনালি দাঁত। ‘কথা বলছেন না কেন স্যার, ভূত কি কখনাে দেখেছেন? ‘জ্বি না।'

লেখক পরিচিতি

হুমায়ূন আহমেদ

1948 – 2012

হুমায়ূন আহমেদ (১৩ নভেম্বর ১৯৪৮ – ১৯ জুলাই ২০১২) ছিলেন একজন বাংলাদেশি ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। তিনি বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক। তাকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় লেখক বলে গণ্য করা হয়। বাংলা কথাসাহিত্যে তিনি সংলাপপ্রধান নতুন শৈলীর জনক। অন্য দিকে তিনি আধুনিক বাংলা বৈজ্ঞানিক কল্পকাহিনীর পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবেও তিনি সমাদৃত। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিন শতাধিক। তার বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনূদিত হয়েছে, বেশ কিছু গ্রন্থ স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত। মিসির আলি এবং হিমু তার সৃষ্ট অন্যতম দুটি জনপ্রিয় চরিত্র। ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন এবং নর্থ ডাকোটা স্টেট বিশ্ববিদ্যালয়ে পলিমার রসায়ন শাস্ত্র অধ্যয়ন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক হিসাবে দীর্ঘকাল কর্মরত ছিলেন। পরবর্তীকালে লেখালেখি এবং চলচ্চিত্র নির্মাণের স্বার্থে অধ্যাপনা ছেড়ে দেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তান সেনাবাহিনী তাকে আটক করে এবং নির্যাতনের পর হত্যার জন্য গুলি চালায়। তিনি অলৌকিকভাবে বেঁচে যান। হুমায়ূন আহমেদ রচিত প্রথম উপন্যাস নন্দিত নরকে ১৯৭২ সালে প্রকাশিত হয়। সত্তর দশকের সময় থেকে শুরু করে মৃত্যু অবধি তিনি ছিলেন বাংলা গল্প-উপন্যাসের অপ্রতিদ্বন্দ্বী কারিগর। এই কালপর্বে তার গল্প-উপন্যাসের জনপ্রিয়তা ছিল তুলনারহিত। তার অভূতপূর্ব সৃষ্টি হিমু এবং মিসির আলি ও শুভ্র চরিত্রগুলি বাংলাদেশের যুবকশ্রেণীকে গভীরভাবে উদ্বেলিত করেছে।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →