বইয়ের পরিচয়
শখের আয়ুর্বেদ চিকিৎসক ভবতারণ চট্টোপাধ্যায়ের হাতে দৈবাৎ এসে পড়লো একটি প্রাচীন পুঁথি। সেই পুঁথিতে খোঁজ পাওয়া গেল এক আশ্চর্য ভেষজ পুষ্পের, যা নাকি মানুষের যৌনকামনা বাড়িয়ে তুলতে পারে বহুগুণ। তার খোঁজে উত্তর আসামের জঙ্গলে পাড়ি জমালেন চাটুজ্জেমশাই, আর জড়িয়ে পড়লেন এক প্রাণঘাতী জটিল, ষড়যন্ত্রের মধ্যে । জঙ্গলের মধ্যে অভিশপ্ত প্রাচীন মন্দিরে কার খোঁজ পেলেন তিনি? মাধুরীর বিবাহিত জীবনের ওপর ঘনিয়ে এসেছে কোন অভিশাপের কালো ছায়া? দেওরিদের হারিয়ে যাওয়া উপজাতি পাতর গোঁয়াদের গ্রামে আজ থেকে আড়াইশো বছর আগে কী ঘটেছিলো? এক রাতের মধ্যে তারা উধাও হয়ে গিয়েছিলো কোন যাদুমন্ত্রে?এক হারিয়ে যাওয়া জনজাতির প্রাচীন ধর্মবিশ্বাসের সঙ্গে মিশে গেছে তিনটি নরনারীর জীবন, ত্রিকোণ প্রেমের অব্যক্ত লিখন । দেওরিদের অজানা মিথের সঙ্গে মিশে গেছে এক অসহায়া নারীর পারিবারিক কলঙ্কের কাহিনি। এ কাহিনি ভয়ের, এ কাহিনি লোভের, এ কাহিনি অসহায়তার, ক্রুরতার, কামনার। এবং সবার ওপরে এ কাহিনি ভালবাসার, শুধুমাত্র নিখাদ ভালোবাসার।