বইয়ের পরিচয়
"কাজল" বইটির সম্পর্কে কিছু কথাঃঅপরাজিতের শেষাংশে রানুর হাতে বালক কাজলকে সঁপে দিয়ে অপু বেরিয়েছিল দেশভ্রমণে। ফিজির মিশনারি ইস্কুলের মাস্টারি, সমুদ্রের প্রবল ঢেউ, তারায় ভরা আকাশ-- সব, সব ছেড়ে কিছুদিন পরেই তাকে আসতে হয় ফিরে। শুধু একটা শব্দ, একটা ডাক না শুনে থাকতে না পারায়। বাবা। কাঙালের মতাে তাঁকে ফিরে আসতেই হয় নিশ্চিন্দিপুরে! কাজল অপুর সেই ফিরে আসারই গল্পকথন। আত্মজের কাছে, আত্মার কাছে, অতীতের কাছে। এতদিনে তার নামযশ হয়েছে কিছুটা, প্রায়ই পাঠকেরা প্রশংসা করে দেয় চিঠিপত্র। আর প্রকাশকরা খাতির করে দেন অগ্রিম সম্মানী। অথচ এই যে হােস্টেলপাড়া, পুরােনাে মেস, কলেজ স্ট্রিট.. ক'বছর আগে এখানেই অপুকে ঘুরে বেড়াতে হয়েছিল অসহায় হয়ে। পকেটে টাকা ছিল না খাওয়ার মতাে, কলেজের ফি দেওয়ার মতাে, বাড়িতে একা, অসুস্থ মাকে পাঠানাের মতাে। সময়ে সব বদলায়!