বইয়ের পরিচয়

স্কুল ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেল। চাটুজ্জেদের রোয়াকে আমাদের আড্ডা জমেছে। আমরা তিনজন আছি। সভাপতি টেনিদা, হাবুল সেন আর আমি প্যালারাম বাঁড়ুজ্জে-পটলডাঙ্গায় থাকি আর পটল দিয়ে শিঙিমাছের ঝোল খাই। আমাদের চতুর্থ সদস্য ক্যাবলা এখনো এসে পৌঁছয় নি।চারজনে পরীক্ষা দিয়েছি। লেখাপড়ায় ক্যাবলা সব চেয়ে ভালো-হেডমাস্টার বলেছেন ও নাকি স্কলারশিপ পাবে। ঢাকাই বাঙাল হাবুল সেনটাও পেরিয়ে যাবে ফার্স্ট ডিভিসনে। আমি দু-বার অঙ্কের জন্যে ডিগবাজি খেয়েছি-এবার থার্ড ডিভিসনে পাশ করলেও করতে পারি। আর টেনিদা-তার কথা না বলাই ভালো। সে মেট্রিক দিয়েছে-কে জানে এনট্রান্সও দিয়েছে কি না। এখন স্কুল ফাইন্যাল দিচ্ছে-এর পর হয়তো হায়ার সেকেন্ডারিও দেবে। স্কুলের ক্লাস টেন-এ একবারে মনুমেন্ট হয়ে বসে আছে-তাকে সেখান থেকে টেনে এক ইঞ্চি নড়ায় সাধ্য কার।টেনিদা বলে, হেঁ-হেঁ-বুঝলি নে? ক্লাসে দু-একজন পুরানো লোক থাকা ভালো-মানে, সব জানে-টানে আর কি! নতুন ছোকরাদের একটু ম্যানেজ করা চাই তো! তা নতুন ছেলেরা ম্যানেজ হচ্ছে বৈ কি। এমন কি টেনিদার দুদে বড়দা-যাঁর হাঁক শুনলে আমরা পালাতে পথ পাই না, তিনি সুদ্ধ ম্যানেজ হয়ে এসেছেন বলতে গেলে।

লেখক পরিচিতি

নারায়ণ গঙ্গোপাধ্যায়

1918 – 1970

নারায়ণ গঙ্গোপাধ্যায় (৪ ফেব্রুয়ারি, ১৯১৮ – ৮ নভেম্বর, ১৯৭০) একজন ভারতীয় বাঙালি লেখক। জন্ম অবিভক্ত বাংলার (অধুনা বাংলাদেশের অন্তর্গত) অবিভক্ত দিনাজপুর জেলার বালিয়াডাঙ্গীতে (বর্তমানে বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও)। তিন খণ্ডে প্রকাশিত তার প্রথম উপন্যাস উপনিবেশ (১৯৪২, ১৯৪৫, ১৯৪৬) পাঠকসমাজে সমাদৃত হয়। তার উল্লেখযোগ্য ছোটগল্প সংকলন বীতংস (১৯৪৫), দুঃশাসন (১৯৪৫), ভোগবতী (১৯৪৭) এবং উল্লেখযোগ্য উপন্যাস বৈজ্ঞানিক (১৯৪৭), শিলালিপি (১৯৪৯), লালমাটি (১৯৫১), সম্রাট ও শ্রেষ্ঠী (১৯৫৫), পদসঞ্চার (১৯৫৪)। সাহিত্যে ছোটগল্প তার একটি উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ। ছোটদের জন্য তার সৃষ্ট কাল্পনিক চরিত্র টেনিদা খুবই জনপ্রিয়। তার লেখা কিছু উল্লেখযোগ্য ছোটগল্প হল — ইতিহাস, নক্রচরিত, হাড়, বীতংস, রেকর্ড, টোপ, আদাব, প্রভৃতি।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →