প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে (১৯৬০) বইয়ের প্রচ্ছদ

প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে (১৯৬০)

লেখক: শামসুর রাহমান

পৃষ্ঠা: 64

ISBN: 9847034307030

বইয়ের পরিচয়

"প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃআমাদের কবিতায় শামসুর রাহমানের প্রধান কাজ হলাে- দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বাংলা কবিতায় তিরিশের যে ঘনঘটার সৃষ্টি হয়েছিল, সেটাকে বহুধা বিস্তৃত করা। প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে বইটি শামসুর রাহমান প্রেম ও প্রকৃতিতে মগ্ন হয়ে আবির্ভূত হয়েছেন। তখন পর্যন্ত তার কবিতায় জীবনানন্দ দাশের প্রভাব পরিলক্ষিত হয়। শামসুর রাহমানের কবিতা হয়ে ওঠে গণমানুষের প্রাত্যহিক, রাজনৈতিক বিক্ষোভ এবং মিছিলের অগ্রবর্তী মানুষের আবেগে উদ্বেল। এটা শামসুর রাহমান কীভাবে ঘটিয়েছিলেন, তা আমি এখনাে বিশ্লেষণ করে দেখিনি। তবে তিনি তা ঘটিয়েছিলেন। ‘আসাদের শার্ট’, ‘সফেদ পাঞ্জাবী’, ‘স্বাধীনতা তুমি’- এসব কবিতা সম্পূর্ণ ভিন্ন পরিচিতি শামসুর রাহমানের জন্য তৈরি করে দেয়। এই পরিচিতির পূর্ণতা তার মৃত্যুর মধ্য দিয়ে ঘটে গেছে। তার মতাে কবি সহজে আবির্ভূত হবেন, এমন আশা করা যায় না। কথা হলাে শামসুর রাহমানের কাব্য মানুষের হৃদয়ে বাসা বেঁধেছে।

লেখক পরিচিতি

শামসুর রাহমান

1929 – 2006

শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬) বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। জীবদ্দশাতেই তিনি বাংলাদেশের প্রধান কবি হিসেবে মর্যাদালাভ করেছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ, তথা পঞ্চাশের দশকে তিনি আধুনিক কবি হিসেবে বাংলা কবিতায় আবির্ভূত হন এবং অল্প সময়ের ভেতরেই দুই বাংলায় (তৎকালীন পূর্ব পাকিস্তান ও পশ্চিম বাংলায়) কবি হিসেবে পরিচিতি পান। আধুনিক কবিতার অনন্য পৃষ্ঠপোষক বুদ্ধদেব বসুর 'কবিতা' পত্রিকায় 'রূপালি স্নান' কবিতাটি প্রকাশিত হলে কবি হিসেবে শামসুর রাহমান সুধীজনের দৃষ্টি আকর্ষণ করেন। পরবর্তীতে উভয় বাংলাতেই তার শ্রেষ্ঠত্ব এবং জনপ্রিয়তা প্রতিষ্ঠিত হয়। তিনি নাগরিক কবি, তবে নিসর্গ তার কবিতায় খুব কম ছিল না। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ওপর লিখিত তার দুটি কবিতা খুবই জনপ্রিয়। স্বাধীনতা যুদ্ধের সময় তিনি মজলুম আদিব (বিপন্ন লেখক) ছদ্মনামে কলকাতার বিখ্যাত দেশ ও অন্যান্য পত্রিকায় কবিতা লিখতেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →