বইয়ের পরিচয়
সূর্য ডোবার আগে আগে বকের ঝাঁক ফিরে আসতে বাঁশঝাড়ের কুঁজো মাথাগুলো ফকফকে সাদা। আসমানের তলপেটে সূর্যটা যে লালে লাল ডুবছে, সেই ডুবুডুবু আলো-আঁধারকে টেক্কা দিতে ঠাসাঠাসি একজোট মাথাগুলো সাদা ঝাণ্ডা হয়ে জ্বলে। ছাই-ছাই অন্ধকারেও দপদপ জ্বলে।কবে কোন কালে বকরা এ বাঁশঝাড়কে নিরাপদ আস্তানা ভেবে এর দখলদার বনে গিয়েছিল কেউ বলতে পারে না। চেষ্টা করে মনে করতে চাইলে কেউ না কেউ হয়তো পারবে। তবে সেটা কথা নয়। কথা যা, বকের ঝাঁক দিনকে দিন বড় হচ্ছে। দিনের বেলা বাঁশঝাড়ে খুব একটা থাকে না, দূরে দূরে বিল-বাঁওড়ে কোথায় কোথায় যায়-ধারেকাছে পুঁটিমাছ পায় না বলেই বুঝি! তবে সূর্য ডুবতে বসেছে দেখামাত্র দেরি করে না, শোঁ শোঁ পাখার ঝাপটায় ঝাঁপিয়ে ঝাঁপিয়ে নামে। আর খ্যারখেরে কর্কশ আওয়াজ; শুনতে মোটেও পাখির গলার মনে হয় না।