বইয়ের পরিচয়
সাড়ে তিন হাজার বছর আগে ভারতের পশ্চিম প্রান্তে ধ্বংস হয়ে যাওয়া সিন্ধু সভ্যতার একটা ধারা কোনোভাবে ছিটকে এসেছিল ভারতের পূর্বপ্রান্তে এবং পুরুলিয়ার আদিবাসী গোষ্ঠীর মধ্যে কোথাও সেই ধারা এখনও গোপনে বেঁচে রয়েছে। ওদের মধ্যেই কেউ কেউ সেই লিপি পড়তে পারেন। কিন্তু তার খোঁজ “পাওয়া অসম্ভব কেননা গোটা জেলা জুড়েই জঙ্গি সংগঠন গণসংগ্রাম সমিতি দাপিয়ে বেড়াচ্ছে।সেইসময়ে একদিন কাগজে একটা ছোট্ট খবর বেরোয় যে পুরুলিয়া জেলার কোন একটা পুরোনো মন্দির থেকে পুরোনো দিনের টেরাকোটা ফলক চুরি গেছে। আর সেদিনই কলকাতার এক ব্যবসায়ী পরিবারের ছেলে শৌনক দত্ত নিখোঁজ হয়ে যায়। তদন্তে নেমে জানা যায় যে ও অযোধ্যায় পাহাড়ে গিয়েছিল এবং এই জঙ্গি সংগঠন ওকে মেরে দিয়েছে।শৌনকের কাগজপত্র ঘেঁটে ওর বউ তিথি সিন্ধুলিপি সম্বলিত একটা মাটির ফলক দেখতে পায়। ওর সাংবাদিক বন্ধু পল্লব সেই ফলকটা ইতিহাসের অধ্যাপক রজত মণ্ডলকে দেখায় এবং উনি নিশ্চিন্ত হয়ে যান যে ওগুলো সিন্ধুলিপিই। ফলে বিপদ জেনেও তিনি ঠিক করেন পুরুলিয়াতে অভিযান চালাবেন। সঙ্গী হয় পল্লব এবং তিথি।