বইয়ের পরিচয়

ফ্ল্যাপে লিখা কথাসকল কথা প্রাণ খলে বলতে পারার মতো এক আবেগ ঘন প্রকাশ ‘হলুদ বরণী’। গ্রন্থভুক্ত কবিতাগুলোর মধ্যে দিয়ে জসীম উদ্‌দীন মূলত রবীন্দ্র-নজরুলাসারী প্রেম ও সৌন্দর্য ভাবনার আপন বলয় তৈরি করতে চেয়েছেন। পল্লীনারীর রূপবর্ণনায় কবি লেখেন , হলুদ বাটিছে হলুদ বরণী মেয়ে/ হলুদের পাটা গড়ায় রাঙা অনুরাগে ছেয়ে’। তারপর মেয়ের গার্হস্থ্য জীবনটি তিনি ছত্রে ছত্রে গেঁথে তোলেন। অবকাশে মনের আয়নায় নিজ কামনার কণ্টকচিহৃও যেন খানিক পরিস্ফুট হয়ে ওঠে। এ ধারার চিত্র অন্যান্য কবিতার বেলাতেও আমরা কম বেশি পাই। কোথাও কোথাও নারীর কৈশোর এবং যৌবন সন্ধিক্ষণের খেলায় কবির চিত্ত চাঞ্চল্যও পাশাপাশি ইন্দ্রিয়ঘন রহস্যও কবি এই রচনায় হঠাৎ হঠাৎ মিলিয়ে ফেলেন। প্রকৃতপক্ষে এগুলো নারীর রূপ-অবগাহনে জসীম উদ্‌দীনের কল্পনা ,আবেগ এবং তাবৎ অনুভূতির বিচিত্র মোচড়। সেই সুরেই তিনি এখানে যেন বার বার নব রাগে রঞ্জিত হয়েছেন।অন্যদিকে ‘হলুদ বরণী’ রচয়িতার শিল্পসত্তাই এক ধারাবাহিক ইতিহাস। আর নির্মাণ বিচারে রচনাগুলোতে কবির সহজপটুত্বের ছাপটিও বিরাজমান। আশপাশ থেকে বনফুল কুড়িয়ে নেওয়ার মতো অসম্ভব সুন্দর সুন্দর সব উপমা ও রূপকল্পও তিনি গ্রহণ করেছেন। গ্রন্থটি মুখ্যত নারী-সৌন্দর্যের জয়যাত্রা হলেও প্রেম-ভাবনা যুক্ত হয়েছে প্রবল আবেগে। আর শিল্প সন্ধানের ক্ষেত্রে একটি ধারাবাহিকতা তাতে বরাবরই পরিলক্ষিত । পেছনে পেছনে লোক জীবনের বেশ দীর্ঘায়িদ চিত্রও স্থাপিত দেখতে পাই। এই মিলিত রূপ হলুদ বরণী’ কে পাঠক-পাঠিক সমীপে অনে আদরই দিয়ে থাকবে।

লেখক পরিচিতি

জসীম উদ্দীন

1903 – 1976

জসীম উদ্‌দীন (অন্যভাবে জসীমউদ্দীন; ১ জানুয়ারি ১৯০৩ – ১৪ মার্চ ১৯৭৬) একজন বাঙালি কবি, গীতিকার, ঔপন্যাসিক ও লেখক। 'পল্লীকবি' উপাধিতে ভূষিত, জসীম উদ্‌দীন আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি। ঐতিহ্যবাহী বাংলা কবিতার মূল ধারাটিকে নগর সভায় নিয়ে আসার কৃতিত্ব জসীম উদ্‌দীনের। তার নকশী কাঁথার মাঠ ও সোজন বাদিয়ার ঘাট বাংলা ভাষার গীতিময় কবিতার উৎকৃষ্টতম নিদর্শনগুলোর অন্যতম। তার কবিতা বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। তার লেখা অসংখ্য পল্লিগীতি এখনো গ্রাম বাংলার মানুষের মুখে মুখে শোনা যায়। যথা:- আমার হার কালা করলাম রে, আমায় ভাসাইলি রে, বন্ধু কাজল ভ্রমরা রে ইত্যাদি। তার কর্মজীবন শুরু হয় পল্লী সংগীতের সংগ্রাহক হিসেবে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষিত জসীম উদ্‌দীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫ বছর শিক্ষকতা করেন; ১৯৪৪ সালে শিক্ষকতা ছেড়ে তিনি বঙ্গীয় প্রাদেশিক সরকার এবং পরে পূর্ব পাকিস্তান সরকারের প্রচার বিভাগের কর্মকর্তা হিসেবে যোগদান করেন এবং ১৯৬২ সালে অবসর গ্রহণ করেন। জসীম উদ্‌দীন ছিলেন প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চেতনার অধিকারী এবং সমাজতান্ত্রিক সমাজব্যবস্থার একজন দৃঢ় সমর্থক। তিনি ছিলেন পূর্ব পাকিস্তানের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা। জসীম উদ্‌দীন প্রেসিডেন্টের প্রাইড অব পারফরমেন্স পুরস্কার (১৯৫৮), বাংলাদেশ সরকারের একুশে পদক (১৯৭৬) ও স্বাধীনতা পুরস্কারে (মরণোত্তর, ১৯৭৮) ভূষিত হন। তিনি ১৯৭৪ সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার প্রত্যাখ্যান করেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →